July 10, 2026, 7:37 pm

পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৭

পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৭

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের খুজদার শহরে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা শফিকুর রহমান মেঙ্গালের বাড়িতে বুধবার (৮ জুলাই) দুপুরে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে। এই হামলায় অন্তত ১৭ জন নিহত এবং প্রায় ৩০ জন আহত হয়েছেন। তবে হামলায় মেঙ্গাল অক্ষত রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, হামলাকারী একটি বিস্ফোরকভর্তি গাড়ি নিয়ে মেঙ্গালের বাড়ির প্রধান ফটকে আঘাত হানে। এতে ফটক, সীমানাপ্রাচীর এবং ভবনের একটি বড় অংশ ধ্বংস হয়ে যায়। প্রথম বিস্ফোরণের পর আরও কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়, যা পুরো খুজদার শহরকে প্রকম্পিত করে। হামলার পর নিরাপত্তা বাহিনী ও হামলাকারীদের মধ্যে তিন ঘণ্টার বেশি সময় ধরে গোলাগুলি চলে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন, নিহতদের মধ্যে মেঙ্গালের নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যরাও রয়েছেন। বন্দুকযুদ্ধে পাঁচ হামলাকারী নিহত হয়েছে, যার মধ্যে কয়েকজন আত্মঘাতী হামলাকারী ছিল।

ঝালাওয়ান প্যানেলের মুখপাত্র নাদিমুর রহমান হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিস্ফোরণ ও গোলাগুলিতে এক ডজনের বেশি মানুষের প্রাণহানি হয়েছে। তিনি জানান, শফিক মেঙ্গাল হামলায় নিরাপদে আছেন।

পুলিশ জানিয়েছে, হামলার পর নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলে। আহতদের খুজদার টিচিং হাসপাতাল ও সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে, যেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। কর্তৃপক্ষ হামলার পর এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে এবং অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা