শরীয়তপুরের নড়িয়া উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কার্যালয়ে ঢুকে এক অফিস সহকারীকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ওই কর্মচারী নড়িয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
ভুক্তভোগী মো. তৌফিকুল ইসলাম জানান, গত ২ জুলাই দুপুর ২টার দিকে তিনি এলজিইডি কার্যালয়ে দায়িত্ব পালন করছিলেন। এ সময় মতিউর রহমান সাগর অফিসে প্রবেশ করে উপজেলা প্রকৌশলীর খোঁজ করেন। প্রকৌশলী না থাকায় তিনি ক্ষিপ্ত হয়ে কর্মকর্তাদের উদ্দেশে অশালীন মন্তব্য করতে থাকেন। তৌফিকুল প্রতিবাদ করলে সাগর তাকে মারধর করেন এবং বলেন, ‘উপজেলা ইঞ্জিনিয়ার মেহেদী ও উপসহকারী প্রকৌশলী মাসুদ রুমিকে মারার জন্য আসছিলাম। তাদের না পেয়ে তোকেই নমুনা দেখিয়ে গেলাম।’
মারধরের সময় অফিস সহায়ক মো. সজিব হোসেন ও অফিস সহকারী মো. সামসুদ্দিন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং অভিযুক্তকে কার্যালয় থেকে বের করে দেন। তবে, বের হওয়ার সময় সাগর মামলার হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী তৌফিকুল ইসলাম বলেন, তিনি নিজের জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছেন। অপরদিকে, মতিউর রহমান সাগর অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি মারধরের সঙ্গে জড়িত নন এবং গত ছয় মাসে উপজেলা কার্যালয়ে যাননি।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানান, এলজিইডি কার্যালয়ে মারধর ও হুমকির অভিযোগে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।