চলতি সপ্তাহের শুরুতে ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পের পর ৭৪ ঘণ্টার অনুসন্ধানে আর্জেন্টাইন ফুটবলার লুকাস ট্রেইহোর স্ত্রী ইয়ানিনা মারানেয়া এবং তাদের দুই সন্তান অ্যারন ও আইনোর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার ভেনেজুয়েলায় আঘাত হানা জোড়া ভূমিকম্পে প্লায়া গ্রান্দেতে তাদের অবস্থানরত অ্যাপার্টমেন্ট ভবনটি ধসে পড়ে।
৩৮ বছর বয়সী ট্রেইহো তখন রাজধানী কারাকাসে ক্লাবের লিগ ম্যাচের প্রস্তুতি নিচ্ছিলেন। পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সাহায্যের আবেদন জানান। তিনি লিখেছিলেন, ‘প্লায়া গ্রান্দেতে আমাদের ভবনটি ধসে পড়েছে। দয়া করে তাদের জন্য প্রার্থনা করুন।’
ট্রেইহোর ক্লাব দেপোর্তিভো লা গুয়ারা তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেছে, ‘লুকাস ট্রেইহোর স্ত্রী এবং সন্তানদের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় আমরা শোকাহত।’ অন্য ক্লাব মারিতিমো দে লা গুয়ারাও শোক প্রকাশ করেছে।
উদ্ধারকাজে অংশ নেওয়া ট্রেইহোর সতীর্থ ফুটবলার এদসন তোর্তোলেরো হৃদয়বিদারক খবরটি নিশ্চিত করেছেন এবং স্বেচ্ছাসেবক ও জরুরি সেবাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আর্জেন্টিনার গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ট্রেইহোর বাবা ও ভাই অনুসন্ধানে সহায়তা করতে ভেনেজুয়েলায় গিয়েছিলেন।
ভূমিকম্পের পরিণতি সামলাতে ভেনেজুয়েলা এখনও হিমশিম খাচ্ছে, যেখানে ৬৭ লাখ ৬০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারেন এবং প্রায় ১ হাজার ৫০০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। উদ্ধারকারী দল জীবিত উদ্ধার এবং নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছে।