October 16, 2026, 2:42 pm

গ্যাস সংকট নিরসনে আরও এক বছর লাগতে পারে: বিমানমন্ত্রী

মোহাম্মদ আসাদ, নিজস্ব প্রতিবেদক :

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি বলেছেন, দেড় বছরে অন্তর্বর্তী সরকার যে ক্ষতি করেছে, তা বর্ণনা করে শেষ করা যাবে না। বিভিন্নভাবে চক্রান্ত করে দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরিকল্পনা করা হয়েছিল। তবে জনগণ তা হতে দেয়নি। দেশে চলমান গ্যাস সংকট নিরসনে আরও এক বছর সময় লাগতে পারে। এরপরও যতটুকু সম্ভব আমদানি করে সরকার গ্যাস সরবরাহ অব্যাহত রেখেছে।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত সামাজিক সুরক্ষা প্রদান ও বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমাদের দুর্ভাগ্য, ক্ষমতা নেওয়ার পরপরই বিশ্বজুড়ে যুদ্ধ শুরু হয়েছে। ইরান ও ইউক্রেনের পর এখন সৌদি আরবেও যুদ্ধ পরিস্থিতি চলছে।’ নানা কারণে দেশ অর্থনৈতিক সংকটে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, এই সংকট শুধু বাংলাদেশের নয়, বিশ্বব্যাপী। গত ১৭ বছরে তৎকালীন আওয়ামী লীগ সরকার দেশের যে ক্ষতি করেছে, তার পাশাপাশি গত দেড় বছরে অন্তর্বর্তী সরকারও ব্যাপক ক্ষতি করেছে।

তিনি আরও বলেন, ইউরোপে প্রতি লিটার ডিজেলের দাম বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৩০০ টাকা। অথচ দেশের কিছু লোক সাধারণ মানুষকে উসকে দিয়ে অকারণে সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামতে বলছে। ‘বট বাহিনী’ মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করতে চায়। সরকার ও প্রশাসনের বিরুদ্ধে এ ধরনের অপপ্রচার চলছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার পাশাপাশি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, মানুষকে স্বস্তি দিতে সরকার বদ্ধপরিকর। মাদকের সঙ্গে কোনো আপস করা হবে না। মাদকের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। দলের কেউ খারাপ কাজে জড়ালে তাঁকে বহিষ্কার করতেও প্রস্তুত রয়েছে দল। পরিস্থিতি স্বাভাবিক করতে সরকার কাজ করছে উল্লেখ করে তিনি এ ক্ষেত্রে সবার সহযোগিতা চান।

অনুষ্ঠান শেষে মন্ত্রী উপজেলা পরিষদ চত্বরে একটি অর্জুন গাছের চারা রোপণ করেন। এ ছাড়া পূজামণ্ডপে সরকারি সহায়তা প্রদান, শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ এবং দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে অনুদানের চেক বিতরণ করেন। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়।

উপজেলা অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (দেওয়ানগঞ্জ সার্কেল) জোনাঈদ আফ্রাদ, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিছুজ্জামান গামা, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাকিল তালুকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক আবদুল্লাহ সওদাগর বিপ্লব, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি শাহজাহান শাওন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশিকুর রহমান তুলন ও মহিলা দলের সভাপতি শান্তি আক্তার শিউলী প্রমুখ।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা