October 16, 2026, 2:43 pm

সিদ্ধিরগঞ্জে সাহেব আলী হত্যা: প্রধান অভিযুক্ত রনি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আলোচিত সন্ত্রাসী সাহেব আলী হত্যা মামলার প্রধান অভিযুক্ত মোঃ রনিকে (৩২) গ্রেপ্তার করেছে এসআরবি। তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে শরীয়তপুরের ভেদরগঞ্জ থানার শাহজাহানপুর এলাকায় এসআরবি-১১ ও এসআরবি-৮-এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গোয়েন্দা তথ্য ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে রনিকে শনাক্ত করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
গত ১২ অক্টোবর সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের আটি ওয়াবদা কলোনির ইত্তেহাদ টাওয়ারের সামনে অভ্যন্তরীণ কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় সশস্ত্র হামলাকারীরা সাহেব আলীকে লক্ষ্য করে গুলি চালায়। সিসিটিভি ফুটেজে রনিকে গুলি ছুড়তে দেখা যায় বলে জানা গেছে।
গুলিবিদ্ধ সাহেব আলী সড়কের পাশের খালে পড়ে গেলে হামলাকারীরা তাকে লক্ষ্য করে আরও গুলি ছোড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করা হয়। হত্যাকাণ্ডের পর আসামিরা আত্মগোপনে চলে যায়।
গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে রনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের আটি ওয়াবদা কলোনিতে তার নিজ বাসভবনে অভিযান চালিয়ে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এর আগে গত ১৩ অক্টোবর মামলার এজাহারভুক্ত তিন নম্বর আসামি সাব্বিরকে গ্রেপ্তার করা হয়। মামলার অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে এসআরবি-১১-এর অভিযান অব্যাহত রয়েছে। রনিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা