চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ডেঙ্গুর সংক্রমণ বাড়তে থাকায় জনমনে উদ্বেগ দেখা দিয়েছে। হাসপাতালে প্রতিদিন গড়ে ২০ থেকে ২৫ জনের ডেঙ্গু পরীক্ষা করা হচ্ছে। তাঁদের মধ্যে তিন থেকে চারজনের শরীরে ডেঙ্গু শনাক্ত হচ্ছে। আক্রান্তদের কেউ কেউ হাসপাতালে ভর্তি না হওয়ায় সংক্রমণের প্রকৃত চিত্র নিয়ে উদ্বেগ রয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৩ সেপ্টেম্বর উপজেলার খাগুড়িয়া গ্রামের সিয়াম (২০) মারা যান। এর আগে-পরে নয়, সর্বশেষ ৭ অক্টোবর আদুরভিটি গ্রামের জহিরুল ইসলাম (৫০) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান।
মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোবারক হোসেন বলেন, তীব্র জ্বর, বমি, পেটে ব্যথা কিংবা শ্বাসকষ্টের মতো জটিল উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে এসে চিকিৎসা নিতে হবে। হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাসেবা নেওয়ার সুযোগ রয়েছে।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি মতিউর রহমান চৌধুরী বলেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় উপজেলা স্বাস্থ্য বিভাগ, পৌরসভা ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম চালানো প্রয়োজন। পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংসে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজন কুমার দাশ জানান, ডেঙ্গু শনাক্তের পর্যাপ্ত কিট, স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধ মজুত রয়েছে। তবে ল্যাবে মাত্র একজন টেকনোলজিস্ট থাকায় পরীক্ষা-নিরীক্ষায় কিছুটা সমস্যা হচ্ছে। তাঁকে সহায়তা করার মতো অন্য কোনো কর্মী নেই।