নিজস্ব প্রতিবেদক :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫৫ পুরিয়া হেরোইনসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া সামারি ট্রায়ালের ৯ অভিযুক্ত, সিআর পরোয়ানাভুক্ত একজন এবং সন্ত্রাসবিরোধী মামলার দুই আসামিসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫অক্টোবর) সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে থানা-পুলিশের সদস্যরা অভিযানে অংশ নেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদক মামলায় গ্রেপ্তার মো. সুজন (২৩) তিনি সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিণপাড়ার বাসিন্দা। সামারি ট্রায়ালের অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার হয়েছেন মো. জয় (২৫), নাছির হোসেন বাচ্চু (৩৫), আরিফুল ইসলাম শান্ত (২০), মো. রুবেল (২৩), মো. মানিক (২০), মো. রমজান হাওলাদার (২৮), মো. মোছন (২৮), মো. ফয়সল (২৫) ও মো. রফিকুল ইসলাম (২৬)।
এ ছাড়া সিআর পরোয়ানাভুক্ত মো. জুয়েল এবং সন্ত্রাসবিরোধী মামলায় মো. হাবিবুর রহমান তানভীর (২৮) ও আরমানকে (৪২) গ্রেপ্তার করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।