আমতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার আমতলীতে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেছেন বরিশাল রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. জুলফিকার আলী হায়দার। এ সময় তিনি পূজামণ্ডপের নিরাপত্তা, উৎসবের সার্বিক প্রস্তুতি এবং সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা ও উদ্বেগের বিষয়ে খোঁজখবর নেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে আমতলী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার বলেন, শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। পূজামণ্ডপসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো কোনো গুজবে কান দেওয়া যাবে না। ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে—এমন কর্মকাণ্ড থেকেও সবাইকে বিরত থাকতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উৎসবকে শান্তিপূর্ণ করতে প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, পূজা উদযাপন পরিষদের নেতারা এবং সাধারণ মানুষকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে।
আমতলী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট হরিহর চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, পিপিএম (সেবা); আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান; আমতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম মাসুদ এবং আমতলী থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার দত্ত। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দীন ফকির, সাবেক সদস্যসচিব মো. তুহিন মৃধা, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো. কবির ফকির, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জালাল আহমেদ খান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জগদীশ চন্দ্র বসু, আমতলী উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক হায়াতুজ্জামান মিরাজ মৃধা, আমতলী প্রেসক্লাবের সহসভাপতি এস এম নাসির মাহমুদ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সজিব এবং আমতলী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন মাতুব্বর।
এ ছাড়া সুশাসনের জন্য নাগরিক (সুজন) আমতলী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও গণমাধ্যমকর্মী আবু জিহাদ, আমতলী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জোসেফ মাহতাব, আমতলী বকুল নেছা মহিলা কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক ও মানবাধিকারকর্মী বাণী রানী সরকার, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিক, বিভিন্ন ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক, পুরোহিত, পুলিশ সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি, পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে কোনো ধরনের উদ্বেগ বা সংশয় রয়েছে কি না, তা নিয়ে আলোচনা হয়। উৎসব চলাকালে যেকোনো সমস্যা দ্রুত প্রশাসন ও পুলিশের নজরে আনার ওপর গুরুত্বারোপ করা হয়।
সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা প্রকাশ করেন, প্রশাসন, পুলিশ, পূজা উদযাপন পরিষদ ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগে আমতলীতে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে।