চলমান শারদীয় দুর্গাপূজাকে ঘিরে কোনো নিরাপত্তা শঙ্কা বা নাশকতার সুনির্দিষ্ট হুমকি নেই বলে জানিয়েছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ। উৎসব নির্বিঘ্ন রাখতে সারা দেশে বাহিনীর ১৫টি ব্যাটালিয়নের ৬ হাজারের বেশি সদস্য মোতায়েন রয়েছেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দিরের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।
এসআরবি মহাপরিচালক বলেন, পূজামণ্ডপ ও আশপাশের গুরুত্বপূর্ণ সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিদিন গড়ে ২ হাজার ৪৫৭ জন সদস্য দায়িত্ব পালন করছেন। এ ছাড়া ৫৪৯টি পিকআপ ও ৪৪৭টি মোটরসাইকেল দিয়ে নিয়মিত টহল দেওয়া হচ্ছে।
তিনি জানান, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিশেষায়িত ডগ স্কোয়াড ও বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট প্রস্তুত রয়েছে। পাশাপাশি ‘শারদীয় সুরক্ষা’ অ্যাপের মাধ্যমে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং পূজামণ্ডপের সিসিটিভি ক্যামেরার কার্যক্রম কেন্দ্রীয়ভাবে তদারকি করা হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপতৎপরতা ঠেকাতে এসআরবির সাইবার মনিটরিং সেল ২৪ ঘণ্টা নজরদারি ও তথ্য যাচাই করছে। নারী দর্শনার্থীদের নিরাপত্তা এবং ইভটিজিং ও হয়রানি প্রতিরোধেও বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে।
আসন্ন বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের নির্ধারিত রুট ও ঘাটগুলোতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা থাকবে জানিয়ে আহসান হাবীব পলাশ বলেন, শান্তিপূর্ণভাবে বিসর্জন শেষ না হওয়া পর্যন্ত সদস্যরা দায়িত্ব পালন করবেন। কোনো পূজামণ্ডপকে ঝুঁকিপূর্ণ বিবেচনা করার মতো তথ্য তাঁদের কাছে নেই বলেও জানান তিনি।