October 15, 2026, 8:05 pm

আইনগত সহায়তায় বিচারব্যবস্থার চাপ কমানোর আহ্বান আইনমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক:

আইনগত সহায়তার মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর বিচারপ্রাপ্তি সহজ করা এবং বিচারব্যবস্থার ওপর চাপ কমানোর আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, বিচারপ্রার্থীদের দুর্ভোগ কমিয়ে বিচারপ্রাপ্তির বাধা দূর করা গেলে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ আরও সুগম হবে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজধানীর মহাখালীর একটি হোটেলে চিফ লিগ্যাল এইড অফিসারদের সক্ষমতা বৃদ্ধিবিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, আইনগত সহায়তা কার্যক্রমে দায়িত্ব পালনের মাধ্যমে কর্মকর্তারা প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাপন, সমস্যা ও বাস্তবতা সরাসরি জানার সুযোগ পাচ্ছেন। এ অভিজ্ঞতা তাঁদের পেশাগত জ্ঞান ও বিচারিক উপলব্ধিকে সমৃদ্ধ করবে এবং ভবিষ্যতে মানসম্মত রায় প্রদানে সহায়ক হবে।

তিনি বলেন, বিচারকরা রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা প্রয়োগের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করেন। আর আইনগত সহায়তার সঙ্গে যুক্ত কর্মকর্তারা সাধারণ মানুষের বিচারপ্রাপ্তির পথে বাধা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এ কার্যক্রম কার্যকর হলে বিচারিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য ন্যায়ভিত্তিক বিচারব্যবস্থা গড়ে তোলা সহজ হবে।

চিফ লিগ্যাল এইড অফিসারদের বিভিন্ন সমস্যা ও দাবির বিষয়ে মন্ত্রী বলেন, কর্মকর্তাদের উত্থাপিত সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। যানবাহন-সংক্রান্ত সমস্যায় বিকল্প ব্যবস্থা এবং ছুটিসংক্রান্ত বিষয়েও উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।

আইনগত সহায়তা কার্যক্রমের সাফল্য মূল্যায়নে শুধু কার্যক্রম পরিচালনা নয়, অর্জিত ফলাফলও গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন আইনমন্ত্রী। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এ কার্যক্রমের অর্জন ও অগ্রগতির ইতিবাচক চিত্র জাতির সামনে তুলে ধরার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

সরকারি দায়িত্ব পালনে জনসেবার মানসিকতাকে গুরুত্ব দিয়ে মো. আসাদুজ্জামান চিফ লিগ্যাল এইড অফিসারদের নিষ্ঠা, দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। প্রশিক্ষণ কর্মসূচিতে সহযোগিতার জন্য জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থাকে (জাইকা) ধন্যবাদ জানিয়ে তিনি আগামী প্রজন্মের জন্য সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা