October 9, 2026, 11:10 pm

ইউল্যাব আয়োজিত দ্বিতীয় ইউল্যাব-টেসলবিডি আন্তর্জাতিক ইএসপিসম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি: সংগৃহীত

শুধু ডিগ্রি নয়, কর্মজীবনে সফল হতে দক্ষতা জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

শিক্ষাজীবনে ভালো ফল কিংবা উচ্চতর ডিগ্রি অর্জন করলেই পেশাগত জীবনে সফলতা নিশ্চিত হয় না বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে তরুণদের কারিগরি জ্ঞান, ইংরেজিতে যোগাযোগের দক্ষতা এবং বাস্তব সমস্যা সমাধানের সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) আয়োজিত দ্বিতীয় ইউল্যাব-টেসলবিডি আন্তর্জাতিক ইএসপি (ইংলিশ ফর স্পেসিফিক পারপাস) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। টেসলবিডি ও ইউল্যাব যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে।

ববি হাজ্জাজ বলেন, ২০৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতি বর্তমানের তুলনায় দ্বিগুণ করার লক্ষ্য অর্জনে দক্ষ জনশক্তি গড়ে তোলা জরুরি। তরুণদের এমনভাবে প্রস্তুত করতে হবে, যাতে তাঁরা দেশের পাশাপাশি আন্তর্জাতিক শ্রমবাজারেও নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারেন। এ জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে ভাষা, প্রযুক্তি ও ব্যবহারিক দক্ষতার সমন্বয় প্রয়োজন।

ইংরেজি শিক্ষার দুর্বলতা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ইংরেজি শেখানো ও চর্চায় নানা প্রতিবন্ধকতা রয়েছে। শুধু পাঠ মুখস্থ করানোর পরিবর্তে শিক্ষার্থীদের বাস্তব পরিস্থিতিতে ইংরেজি ব্যবহারের সুযোগ তৈরি করতে হবে। একই সঙ্গে শিক্ষকদের ভাষাগত দক্ষতা বাড়ানোর ওপরও গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, আন্তর্জাতিক গবেষণা, প্রযুক্তিগত উদ্ভাবন ও পেশাসংশ্লিষ্ট অনেক গুরুত্বপূর্ণ তথ্য ইংরেজিতে পাওয়া যায়। ভাষাগত সীমাবদ্ধতার কারণে অনেক মেধাবী শিক্ষার্থী নিজেদের সক্ষমতা তুলে ধরতে বাধার মুখে পড়েন। তাই ইংরেজি শিক্ষার পাশাপাশি বাংলায় জ্ঞানভিত্তিক উপকরণ ও প্রযুক্তিসংশ্লিষ্ট পরিভাষা সহজলভ্য করাও জরুরি।

তরুণদের উৎপাদনশীল কাজে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দিয়ে ববি হাজ্জাজ বলেন, বিপুল তরুণ জনগোষ্ঠীকে যথাযথ প্রশিক্ষণ ও দক্ষতায় গড়ে তুলতে পারলে তারা দেশের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। এ জন্য স্থায়ী আয়ের সুযোগ, মর্যাদাপূর্ণ কর্মসংস্থান এবং নিজস্ব উদ্যোগ গড়ে তোলার পরিবেশ নিশ্চিত করতে হবে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মমুখী শিক্ষা, উদ্ভাবনী মানসিকতা ও উদ্যোক্তা হওয়ার আগ্রহ তৈরিতে গুরুত্ব দিতে হবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা