ভারতের সঙ্গে পানি সহযোগিতা জোরদার ও পানি বণ্টন নিয়ে সংলাপ এগিয়ে নিতে একটি কমিটি গঠন করেছে বাংলাদেশ। একই সঙ্গে আলোচনার জন্য ভারতীয় প্রতিনিধিদের নাম চাওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ঢাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত ‘পানির ভবিষ্যৎ নিয়ে নতুন ভাবনা: তরুণ নেতৃত্ব, ন্যায়বিচার ও সহযোগিতা’ শীর্ষক সেমিনারে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভারত থেকে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ। পানি বণ্টনের ক্ষেত্রে বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক আইনের অবস্থান রয়েছে। এ বিষয়ে দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে কার্যকর যোগাযোগ ও নিয়মিত সংলাপ প্রয়োজন।
তিনি বলেন, পানি সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ইতোমধ্যে একটি কমিটি গঠন করেছে। কমিটিতে আলোচনার জন্য ভারতীয় পক্ষের প্রতিনিধিদের নাম চাওয়া হয়েছে।
গঙ্গার পানি বণ্টন চুক্তি প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, ভারতের কাছে প্রতিনিধিদের নাম চাওয়া হয়েছে, যাতে দুই দেশের প্রতিনিধিরা সংলাপ ও আলোচনা শুরু করতে পারেন। এখন ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।
ভারতের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার আশাবাদ জানিয়ে তিনি বলেন, শিগগিরই জবাব পাওয়া যেতে পারে। এরপর আলোচনা এগিয়ে নিয়ে পরবর্তী দফার পানি চুক্তি নবায়নের পথ তৈরি হবে।
পানি নিয়ে বিরোধের সমাধানে কূটনীতি ও সংলাপের ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, দুই দেশের নেতৃত্বের মধ্যে সহযোগিতার মানসিকতা থাকলে আলোচনার মাধ্যমেই বন্ধুত্বপূর্ণ সমাধান সম্ভব।