September 29, 2026, 4:40 pm

গণমাধ্যম নিয়ন্ত্রণ নয়, পেশাদার সাংবাদিকতার বিকাশ চায় সরকার: তথ্য প্রতিমন্ত্রী

সরকার গণমাধ্যম নিয়ন্ত্রণ করতে চায় না, বরং পেশাদার সাংবাদিকতার বিকাশ, গণমাধ্যমের মানোন্নয়ন ও সাংবাদিকদের কল্যাণ নিশ্চিত করতে কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ইয়াসের খান চৌধুরী বলেন, বর্তমানে নামে-বেনামে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুঁইফোঁড় পেজ ও অনলাইন পোর্টাল খুলে গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। মূলধারার গণমাধ্যমের বাইরে অনেকেই মোবাইল ফোন ব্যবহার করে নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন তথ্য প্রচার করছেন। এটি একটি বড় সমস্যা।

তিনি বলেন, সাংবাদিক কারা, তা নির্ধারণে একটি গ্রহণযোগ্য সংজ্ঞা ও মাপকাঠি প্রয়োজন। এ বিষয়ে বিএফইউজে, ডিইউজে, ডিআরইউসহ সাংবাদিক সংগঠন ও সম্পাদকদের সঙ্গে আলোচনা করা হবে। পাশাপাশি মন্ত্রণালয় ও আন্তঃমন্ত্রণালয় পর্যায়েও বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে।

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সুবিধা প্রদানসহ বিভিন্ন নীতিমালার ক্ষেত্রেও নির্দিষ্ট মাপকাঠি প্রয়োজন বলে জানান প্রতিমন্ত্রী।

তিনি সাংবাদিকদের কল্যাণ, পেশাগত মানোন্নয়ন ও গণমাধ্যমের বিভিন্ন সমস্যা সমাধানে ডিআরইউর পাশে থাকার আশ্বাস দেন। সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে সংগঠনটির সঙ্গে আলোচনা অব্যাহত রাখার কথাও জানান তিনি।

সময়সোপযোগী ওয়েজবোর্ড বাস্তবায়নে সরকারের আন্তরিকতার কথা উল্লেখ করে ইয়াসের খান চৌধুরী বলেন, এ বিষয়ে দ্রুত অগ্রগতির জন্য শ্রম মন্ত্রণালয়ের সঙ্গে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিকভাবে আলোচনা করা হবে।

সভায় ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন সাংবাদিকদের সমস্যা সমাধানে সরকারের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, সাংবাদিকদের কল্যাণ ও সমস্যা সমাধানে ডিআরইউ সরকারকে সহযোগিতা করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, অরাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে সংগঠনটি পেশাদার সাংবাদিকদের কল্যাণ ও মানোন্নয়নে কাজ করছে। প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকরা যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় ডিআরইউর সহ-সভাপতি মেহদী আজাদ মাসুম, দপ্তর সম্পাদক রাশিম মোল্লা, নারী বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস পান্না, ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেল, সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন, আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভূঁইয়াসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা