September 30, 2026, 1:38 pm

সোনারগাঁওয়ে পুলিশের অভিযানে ১৬ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী ও নিয়মিত মামলার আসামি, মাদকসেবী এবং ওয়ারেন্টভুক্তসহ ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দিনব্যাপী সোনারগাঁও থানার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক পিপিএম।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় ওসি মহম্মদ আব্দুল বারিকের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এতে সন্ত্রাসবিরোধী মামলায় দুজন, নিয়মিত মামলায় পাঁচজন, মাদক সেবনের অভিযোগে ছয়জন, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় একজন এবং ওয়ারেন্টভুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়।

সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার দুজন হলেন বাগবাড়ী এলাকার নুর হোসেন (৪২) ও শিংরাবো এলাকার সোবেদ আলী (৬২)। নিয়মিত মামলায় গ্রেপ্তার করা হয়েছে অপু হাসান (২২), কাউসার (৩২), আরাফাত (১৫), মো. সোহেল রানা ও মো. সাজ্জাদ হোসেন সোহাগকে।

মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আরাফাত ইসলাম (২৫), আরিফ মিয়া (২৬), মো. তোফায়েল আহাম্মদ (২৬), শামীম (১৬), মিরাজ (২৫) ও জোবায়েত (২৬)। এছাড়া ১৫১ ধারায় মো. হাবিব (২০) এবং ওয়ারেন্টভুক্ত আসামি পিয়ারা বেগম ও রেনু বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি মহম্মদ আব্দুল বারিক পিপিএম বলেন, সমাজকে অপরাধ ও মাদকমুক্ত রাখতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা