September 29, 2026, 3:38 pm

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ছবি: সংগৃহীত

শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘চান্স জিরো’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ভারতে অবস্থান করে লন্ডনে ভার্চুয়ালি কথা বলাকে তিনি ‘ওয়ার্থলেস অ্যাক্টিভিটিজ’ বা মূল্যহীন কর্মকাণ্ড বলেও মন্তব্য করেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

আগামীকাল লন্ডনে একটি প্রেস কনফারেন্সে শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় অনলাইনে যুক্ত হবেন। এ বিষয়ে যুক্তরাজ্য সরকারকে বাংলাদেশ কোনো বার্তা দেবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, ওই প্রেস কনফারেন্স যুক্তরাজ্য সরকার আয়োজন করছে না। তবে প্রয়োজন হলে সরকার সংশ্লিষ্ট জায়গায় বিষয়টি জানাবে।

শেখ হাসিনার ভার্চুয়ালি লন্ডনে কথা বলার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ভারতে বসে লন্ডনে ভার্চুয়ালি কথা বলা এসব কর্মকাণ্ড ‘ওয়ার্থলেস অ্যাক্টিভিটিজ’।

তিনি আরও বলেন, শেখ হাসিনার এখন কিছুই নেই। তার মতে, তিনি ‘কিংকর্তব্যবিমূঢ়’ এবং সবকিছু ধ্বংস হয়ে গেছে। তিনি দল, পরিবার ও নিজের রাজনৈতিক অবস্থানও নষ্ট করেছেন বলে মন্তব্য করেন।

হুমায়ুন কবির বলেন, বাংলাদেশে শেখ হাসিনার ফিরে আসার ‘কোনো চান্সই নাই’, এমনকি সেই সম্ভাবনা ‘জিরো’। তার ভাষায়, যারা ক্ষমতা থেকে বিতাড়িত হয়ে পালিয়ে যায়, তাদের ফিরে আসার সম্ভাবনা খুব কম থাকে।

প্রতিমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনা ‘পালিয়ে গেছেন’ এবং ‘বিতাড়িত হয়েছেন’। তার দাবি, এর মধ্য দিয়ে শেখ হাসিনার রাজনীতিরও সমাপ্তি ঘটেছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা