সিলেটে হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এতে সিলেট বিভাগে হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৮ জনে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। মারা যাওয়া দুই শিশু হলো তাসমিন ও তামিম, যাদের বয়স যথাক্রমে ৬ মাস ও ৯ মাস। সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ৩২১ জন। গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে ৯ জনের হাম শনাক্ত হয়েছে এবং সন্দেহভাজন আরও ১১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৮ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে মোট ৯৮৮ জন ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন। এ পর্যন্ত হাম উপসর্গে মারা যাওয়া শিশুদের মধ্যে ছয়জনের হামে আক্রান্ত থাকার বিষয়টি পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে।
এদিকে, সারা দেশে হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগজনক চিত্র উঠে এসেছে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে। গত রোববার (১৬ আগস্ট) প্রকাশিত তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ১৬ আগস্ট পর্যন্ত সারা দেশে হাম উপসর্গ নিয়ে ৮০৯ শিশুর মৃত্যু হয়েছে।