July 28, 2026, 9:45 pm

মৌলভীবাজারে উচ্ছেদ অভিযানে ১২০০ কমলা গাছ কাটা, তদন্ত কমিটি গঠন

মৌলভীবাজারে উচ্ছেদ অভিযানে ১২০০ কমলা গাছ কাটা, তদন্ত কমিটি গঠন

মৌলভীবাজারের কমলগঞ্জে বনভূমি উচ্ছেদ অভিযানে প্রায় ১ হাজার ২০০টি কমলা গাছ কেটে ফেলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গাছ কেটে ফেলার অভিযোগের পর গঠিত তিন সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুর রহমানকে প্রধান করে গঠিত এই কমিটি সংশ্লিষ্টদের বক্তব্য নথিভুক্ত করার পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করেছে। তদন্ত কমিটির প্রধান জানিয়েছেন, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করে শিগগিরই সরকারের কাছে প্রতিবেদন জমা দেওয়া হবে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে তদন্ত কমিটির সদস্যরা কমলগঞ্জ উপজেলার রাজকান্দি রেঞ্জের আওতাধীন আদমপুর বিটের কালিঞ্জি এলাকায় যান। এ সময় কমিটির সদস্যদের সঙ্গে ছিলেন সিলেট বিভাগের সহকারী বন সংরক্ষক মো. আব্দুর রহমান এবং মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসা. শাহীনা আক্তার।

তদন্ত কমিটির প্রধান আশরাফুর রহমান সাংবাদিকদের জানান, এখানে কিছু গাছ কাটা হয়েছে এবং তদন্তের দায়িত্ব তার ওপর দেওয়া হয়েছে। তিনি বলেন, তদন্তে ঘটনার প্রকৃত কারণ, দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা এবং আইনি দিকগুলো খতিয়ে দেখা হবে।

কমিটির সদস্য মো. আব্দুর রহমান জানান, সংরক্ষিত বনভূমি দখল করে কেউ যদি অবকাঠামো নির্মাণ করে থাকে, আইন অনুযায়ী তা উচ্ছেদ করা হবে। তদন্তের আওতায় এলাকায় বিভিন্ন প্রজাতির গাছ ও পুকুরও আসবে। গত ১৬ জুলাই সকালে বন বিভাগ, উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ উদ্যোগে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা