ইসলামিক ফাউন্ডেশন সম্প্রতি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি ও অর্থ সহায়তার নামে প্রতারণার বিরুদ্ধে বিশেষ সতর্কবার্তা জারি করেছে। প্রতিষ্ঠানটি চাকরিপ্রার্থী, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের এসব বিজ্ঞপ্তিতে বিশ্বাস না করার আহ্বান জানিয়েছে।
শনিবার (১৫ আগস্ট) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে ইসলামিক ফাউন্ডেশনের নামে কথিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করা হচ্ছে। এসব বিজ্ঞপ্তির মাধ্যমে চাকরিপ্রার্থীদের কাছ থেকে আবেদন ফি, রেজিস্ট্রেশন ফি ও জামানতসহ অন্যান্য নামে অর্থ দাবি করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সরকারি বা ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে অর্থ সহায়তা দেওয়ার কথা বলে ব্যক্তিগত মোবাইল নম্বর ও ব্যাংক হিসাবের মাধ্যমে অর্থ লেনদেনের জন্য প্রলুব্ধ করা হচ্ছে।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, তাদের অনুমোদিত নিয়োগ বিজ্ঞপ্তি ও অন্যান্য গুরুত্বপূর্ণ নোটিশ সরকারি ও প্রাতিষ্ঠানিক মাধ্যমে প্রকাশ করা হয়। তাই, ব্যক্তিগত মোবাইল নম্বর বা ব্যাংক হিসাবের মাধ্যমে অর্থ প্রদান করে চাকরি বা আর্থিক সহায়তা পাওয়ার সুযোগ নেই।
প্রতিষ্ঠানটি সকলকে সতর্ক করে বলেছে, কোনো অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে অর্থ প্রদান না করার জন্য এবং প্রতারণামূলক কর্মকাণ্ডের বিষয়ে যথাযথ কর্তৃপক্ষকে জানাতে হবে। ইসলামিক ফাউন্ডেশন এ ধরনের কর্মকাণ্ডকে বেআইনি ও প্রতারণামূলক হিসেবে বিবেচনা করছে।