ঝিনাইদহের মহেশপুরে নেশার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এখলাছ (৩০) নামে এক যুবকের বিরুদ্ধে। শুক্রবার (১৪ আগস্ট) ভোর ৫টার দিকে উপজেলার শ্যামকুড় ইউপির শ্যামকুড় গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শখের বানু (৫৫) শ্যামকুড় গ্রামের জেকোর আলীর স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে শখের বানুকে ভাত খেতে দেওয়ার জন্য ছোট ছেলের স্ত্রী তার ঘরে ঢোকেন। এসময় তিনি শখের বানুর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন।
হত্যাকাণ্ডের পর অভিযুক্ত এখলাছ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন তাকে পার্শ্ববর্তী একটি মাঠ থেকে আটক করে পুলিশে দেয়। স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘাতক ছেলেকে আটক করা হয়েছে।