August 8, 2026, 9:59 am

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মুসলিম ঐক্যের আহ্বান

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মুসলিম ঐক্যের আহ্বান

মধ্যপ্রাচ্যের দেশগুলোকে বাইরের শক্তির ওপর নির্ভরতা কমিয়ে আত্মনির্ভরশীলতা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল সামরিক শক্তির মোকাবিলা করার সামর্থ্য প্রমাণ করেছে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে আরাঘচি এই মন্তব্য করেন। তিনি লেখেন, ‘ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল সামরিক বাহিনীর বিরুদ্ধে তাদের প্রস্তুতি, সক্ষমতা এবং শক্তি প্রদর্শন করেছে।’

আরাঘচি মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্যের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘যখন মুসলিমরা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায়, তখন আমরা বাইরের যেকোনো অশুভ শক্তির দেওয়া চ্যালেঞ্জ সরাসরি মোকাবিলা করতে সক্ষম হই।’ তিনি আঞ্চলিক দেশগুলোর নিজেদের শক্তির ওপর ভরসা করার সময় এসেছে বলে উল্লেখ করেন।

ইরানের শীর্ষ এই কূটনীতিক তার বার্তার সমাপ্তিতে বলেন, ‘এখন সময় এসেছে কেবল নিজেদের ওপর আস্থা রাখার এবং সত্যিকারের ভ্রাতৃত্বকে আলিঙ্গন করার।’

গত কয়েক মাস ধরে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এই প্রেক্ষাপটে আরাঘচির মন্তব্যকে আঞ্চলিক দেশগুলোর প্রতি ইরানের একটি কৌশলগত বার্তা হিসেবে দেখা হচ্ছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা