প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শনিবার জাতীয় সংসদের এলডি হলে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে অংশগ্রহণ করেন। তিনি বলেন, ফ্যাসিবাদের সুবিধাভোগীরা জ্বালানি খাতকে অস্থিতিশীল করতে সক্রিয় রয়েছে।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, রাষ্ট্র, রাজনীতি ও প্রশাসনে ফ্যাসিবাদের সুবিধাভোগীরা কৌশলে দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। তারা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দিয়ে পরিস্থিতি আরও জটিল করছে।
তিনি বলেন, সরকার স্বীকার করে যে, বর্তমানে দেশের মানুষ বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকটে রয়েছে। তবে পূর্বে নেওয়া অপরিকল্পিত উদ্যোগের কারণে এই সংকট সৃষ্টি হয়েছে এবং এর খেসারত এখন দিতে হচ্ছে।
প্রধানমন্ত্রী আরও জানান, বর্তমান সরকার একটি ভঙ্গুর অবস্থায় দেশকে পেয়েছে এবং সংকট কাটিয়ে ওঠার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।
সমাবেশের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এলডি হল প্রাঙ্গণে নিম ও অর্জুন গাছের চারা রোপণ করেন। পরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে চিকিৎসক সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।