রাজধানীর বকশীবাজারে সরকারি আলিয়া মাদ্রাসা এলাকায় সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন করা হয়েছে। গত ৮ আগস্ট শনিবার নিরাপত্তা নিশ্চিত করতে মাদরাসা ও আশপাশের এলাকায় এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বকশীবাজার মোড়, আলিয়া মাদরাসা সড়ক ও গেটের সামনে পুলিশ সদস্যরা অবস্থান করছেন।
এর আগে, গত মঙ্গলবার বিকেলে আলিয়া মাদ্রাসায় হল দখলকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হল দখল নিয়ে দুই ছাত্রসংগঠনের মধ্যে উত্তেজনা ছিল। বিকেলের দিকে তা সংঘর্ষে রূপ নেয়, যেখানে উভয় পক্ষের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র হাতে ধাওয়া-পাল্টা ধাওয়া করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সংঘর্ষ চলাকালে কয়েকজন রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন। পরে সহপাঠীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।