ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড থেকে কুমিল্লার ময়নামতি পর্যন্ত চার লেনের কাজ দ্রুত সম্পন্ন করার দাবি জানিয়েছেন দাওয়াতে ঈমানী বাংলাদেশের চেয়ারম্যান মুফতী গিয়াস উদ্দিন তাহেরী।
তিনি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখেন, সড়কটির চার লেনে উন্নীত করার কাজ দ্রুত সম্পন্ন করা অত্যন্ত জরুরি। তাহেরী জানান, প্রতিদিনের জনদুর্ভোগ ও সড়ক দুর্ঘটনায় প্রাণহানি এড়াতে এই কাজের গতি বাড়ানো প্রয়োজন।
মুফতী গিয়াস উদ্দিন তাহেরী অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সড়কটির উন্নয়নকাজ চললেও কাজের গতি অত্যন্ত ধীর। তিনি বলেন, এ পর্যন্ত যতটুকু কাজ শুরু হয়েছে, তারও খুব সামান্য অংশ দৃশ্যমান হয়েছে, ফলে সাধারণ মানুষকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে।
তিনি উল্লেখ করেন, গুরুত্বপূর্ণ এই মহাসড়কটি দেশের পূর্বাঞ্চলের সঙ্গে রাজধানীসহ বিভিন্ন অঞ্চলের যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম। তাই জনস্বার্থে প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নেওয়া প্রয়োজন বলে তিনি দাবি করেন।
তাহেরী বলেন, “প্রতিদিনের জনদুর্ভোগ ও সড়ক দুর্ঘটনায় লাশের মিছিল এড়াতে দ্রুততার সঙ্গে সড়কের চার লেনের কাজ সম্পন্ন করা অতীব জরুরি।” তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুততার সঙ্গে নির্মাণকাজ এগিয়ে নিয়ে নির্ধারিত সময়ের মধ্যে সড়কটির কাজ সম্পন্ন করার অনুরোধ জানান।