August 24, 2026, 1:24 am

যুবদল কর্মীর বাড়ির আন্ডারগ্রাউন্ডে উদ্ধার হলো চোরাই গরু, আটক ১

যুবদল কর্মীর বাড়ির আন্ডারগ্রাউন্ডে উদ্ধার হলো চোরাই গরু, আটক ১

পাবনা সদর উপজেলার কোমরপুর গ্রামে যুবদল কর্মী হিসেবে পরিচিত শরিফুল ইসলাম প্রধানের বাড়ির আন্ডারগ্রাউন্ড থেকে দুটি চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শরিফুলকে আটক করা হয়েছে। তবে জেলা যুবদল জানিয়েছে, তাঁর কোনো দলীয় পদ নেই।

শুক্রবার (৭ আগস্ট) রাত ৯টার দিকে সদর উপজেলার কোমরপুর সীমান্ত বাজার এলাকায় শরিফুলের বাড়িতে অভিযান চালিয়ে গরু দুটি উদ্ধার করা হয়। আটক শরিফুল ইসলাম প্রধান মৃত ইসমাইল প্রামাণিকের ছেলে এবং স্থানীয়ভাবে যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত বলে পরিচিত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাতে ওই এলাকায় একটি গরু চুরি হয়। বিষয়টি সদর থানা-পুলিশকে জানানো হলে পুলিশ তদন্ত শুরু করে। পরে গোপন তথ্যের ভিত্তিতে শরিফুলের বাড়িতে অভিযান চালানো হয়।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, ‘শরিফুলকে আটক করে থানায় আনা হয়েছে। তাঁর কোনো দলীয় পরিচয় রয়েছে কি না, তা আমরা জানি না। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁর কাছ থেকে এই চক্রের সঙ্গে জড়িত কয়েকজনের নাম পাওয়া গেছে।’

জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা বলেন, ‘শরিফুল যুবদলের কোনো পদে নেই। আমরা চাই অপরাধীর বিচার হোক। দল অপরাধী তৈরি করে না; অপরাধীরা দলে মিশে থাকে।’

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা