August 8, 2026, 8:04 pm

মোজতবা খামেনির শারীরিক অবস্থার বিষয়ে উদ্বেগ, যোগাযোগে অসুবিধা

মোজতবা খামেনির শারীরিক অবস্থার বিষয়ে উদ্বেগ, যোগাযোগে অসুবিধা

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার পর থেকে মন্ত্রিসভার কোনো সদস্যের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেননি বলে দাবি করেছে বিরোধীপন্থি সংবাদমাধ্যম ইরানওয়্যার। এই তথ্যটি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের প্রশাসনের ঘনিষ্ঠ দুটি সূত্রের বরাতে ইসরাইলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল প্রকাশ করেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মোজতবা খামেনির শারীরিক অবস্থার বিষয়ে ইরানের ক্ষমতাসীন মহলে ব্যাপক আলোচনা চলছে। সংশ্লিষ্ট সূত্রগুলো দাবি করছে, তিনি গুরুতর অসুস্থ এবং তার জীবন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। একটি সূত্রের মতে, তার মৃত্যুর খবর এলে তা অপ্রত্যাশিত হবে না।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর মোজতবা খামেনি দায়িত্ব গ্রহণ করলেও তিনি জনসমক্ষে আসেননি। রাষ্ট্রীয় গণমাধ্যমেও তার কোনো অডিও বা ভিডিও বক্তব্য প্রচার করা হয়নি, তবে তার নামে লিখিত বিবৃতি প্রকাশ করা হয়েছে।

ইরানওয়্যারের দাবি, হামলায় মোজতবা খামেনিও আহত হয়েছেন এবং তার শরীরে স্থায়ী বিকৃতি দেখা দিতে পারে। নিরাপত্তাজনিত কারণে তিনি আত্মগোপনে রয়েছেন এবং বিভিন্ন মধ্যস্থতাকারীর মাধ্যমে শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, বর্তমান পরিস্থিতিতে মোজতবা খামেনির সঙ্গে যোগাযোগ করা কঠিন। তবে তিনি তার শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত কোনো মন্তব্য করেননি।

তবে ইরানওয়্যারের এসব দাবি ইরানের সরকারি কর্তৃপক্ষের পক্ষ থেকে স্বাধীনভাবে নিশ্চিত করা হয়নি।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা