August 8, 2026, 1:49 pm

রূপগঞ্জে সাবেক সেনা কর্মকর্তার বাড়িতে হামলা ভাংচুর ২০লক্ষাধিক টাকার মাল লুট

মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট এলাকার বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা রাইসুল মিল্কির বাড়িতে সন্ত্রাসীরা হামলা ভাঙচুর ও লুটপাট করেছে। আসন্ন গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭নম্বর ওয়ার্ডের মেম্বার পদ প্রার্থীতা নিয়ে দ্বন্দ্বের জের ধরে গতকাল ৭আগষ্ট শুক্রবার রাতে এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আসন্ন গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জন রাইসুল মিল্কি ও গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন মেম্বার পদে প্রতিদ্বন্দ্বীতা করবেন।

আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলে আসছে। গত ৭আগষ্ট শুক্রবার বিকেলে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে রূপগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন ভুলতা গাউছিয়া এলাকায় আনন্দ শোভাযাত্রা বের করে। আনন্দ শোভাযাত্রায় আলমগীর হোসেন ও রাইসুল মিল্কির সমর্থিতদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এর জের ধরে শুক্রবার রাতে আলমগীর হোসেন ও তার সমর্থিত ৪০/৪৫ সদস্যের একদল যুবক রামদা, ছুরি, চাপাতি, এসএস পাইপ ও লোহার রডসহ দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে রাইসুল মিল্কির বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বাড়ির দরজা, জানালা, আসবাবপত্র ভাংচুর করে নগদ টাকা ও স্বর্র্ণালংকার সহ ২০লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায় বলে রাইসুল মিল্কির স্ত্রী মুক্তা আক্তার দাবি করেছেন। এঘটনায় মুক্তা আক্তার বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
এ ঘটনায় অভিযুক্ত আলমগীর হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, প্রতিহিংসামূলক ও বানোয়াট। এ ঘটনার ব্যাপারে আমি কিছুই জানিনা।

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা