August 8, 2026, 3:34 pm

আলোছায়া সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা

মনিরামপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের মনিরামপুর উপজেলার অন্যতম সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আলোছায়া সমাজ উন্নয়ন সংস্থা এলাকার অসহায়, দরিদ্র ও সমস্যাগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে নগদ আর্থিক সহায়তা প্রদান করেছে।
সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহায়তার অর্থ বিতরণ করেন সংস্থার প্রধান পৃষ্ঠপোষক ও যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল।
সংস্থার পক্ষ থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কারণে পাঁচজন উপকারভোগীর হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়। এর মধ্যে দুই হাত অচল হয়ে মানবেতর জীবনযাপনকারী পলাশ হোসেনকে ১০ হাজার টাকা, মসজিদ নির্মাণ কাজে জাহান আলীকে ১০ হাজার টাকা, কন্যার বিয়ের ব্যয় নির্বাহে পারভিনাকে ৫ হাজার টাকা, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আব্দুর রহিমকে ৩ হাজার টাকা এবং স্বামী-পরিত্যক্ত আফরোজা বেগমের ঘর নির্মাণে ৪ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা পরিষদের সদস্য ডা. মো. বাহারুল ইসলাম, প্রভাষক মো. শামীম হোসেন, সাংবাদিক জি. এম. টিপু সুলতান, নেহালপুর প্রেসক্লাবের সভাপতি এস. কে. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ মোহাম্মদ সাগর হোসেন, সাংগঠনিক সম্পাদক শিমুল হোসেন, মাওলানা আবু তালহা, আবু জাকারিয়া, ইনামুল হক, ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন, ইমরান হোসেন, আছমতউল্লাহ, মাহামুদ হাসান, মনিরুল ইসলাম ও রিয়াজুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও সংকটাপন্ন মানুষের পাশে দাঁড়ানোই আলোছায়া সমাজ উন্নয়ন সংস্থার মূল লক্ষ্য। মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে সংগঠনটি দীর্ঘদিন ধরে বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আলোছায়া সমাজ উন্নয়ন সংস্থার পরিচালক মো. কামাল হোসেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা