ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তার পদত্যাগের গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, তিনি দায়িত্বে রয়েছেন এবং রাষ্ট্রীয় কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনা করছেন।
পেজেশকিয়ান তার প্রশাসনের সঙ্গে ইসলামি বিপ্লবের নেতৃত্বের মধ্যে কোনো মতবিরোধ নেই—এমন দাবিও প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, তার সরকার দেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে পূর্ণ সমন্বয়ের ভিত্তিতে কাজ করছে।
একটি টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা সামরিক বাহিনীর সঙ্গে সম্পূর্ণ সমন্বয় বজায় রেখে কাজ করছি।’ পদত্যাগের গুঞ্জন প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, ‘এসব পুরোপুরি গুজব। আমি যদি কখনো পদত্যাগের সিদ্ধান্ত নিই, সেটি আমি নিজেই জনগণকে জানাব।’
পেজেশকিয়ান আরও বলেন, কিছু মহল তার প্রশাসন ও ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মধ্যে বিভেদ রয়েছে—এমন ধারণা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে।
এর আগে প্রেসিডেন্টের দপ্তরের তথ্য ও জনসংযোগবিষয়ক উপপরিচালক মোহাম্মদ মাহদি তাবাতাবায়ীও এসব খবরকে ‘ভিত্তিহীন’ ও ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করেন। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক কট্টরপন্থি কিছু গোষ্ঠী জাতীয় ঐক্যকে দুর্বল করার উদ্দেশ্যে এ ধরনের গুজব ছড়াচ্ছে।