ভারতের ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে শিক্ষার্থীরা টানা ১২ দিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন। এ আন্দোলনে সমর্থন জানিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। চাকরিপ্রার্থীরা ১৪তম জেপিএসসি প্রিলিমিনারি পরীক্ষা বাতিল, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং রাজ্যের নিয়োগ ব্যবস্থার সংস্কারের দাবি জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আন্দোলনটি ব্যাপক আকার ধারণ করেছে। রাজধানী রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে শত শত মানুষ অবস্থান কর্মসূচিতে যোগ দিয়েছেন। সোমবার (৩ আগস্ট) এই দাবিতে অনির্দিষ্টকালের অনশন শুরু করেছেন ছাত্রনেতা দেবেন্দ্রনাথ মাহাতো।
দেবেন্দ্রনাথ জানান, গত মাসে ১৪তম জেপিএসসি প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের পরই আন্দোলনের সূত্রপাত হয়। তিনি অভিযোগ করেন, সরকার ও ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) শিক্ষার্থীদের উদ্বেগের কোনো যথাযথ সমাধান দিতে পারেনি।
আন্দোলনকারীরা প্রশাসনিক গাফিলতির কারণে চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হচ্ছে দাবি করে স্বচ্ছ ও নিরপেক্ষ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তারা জানিয়েছেন, সরকার দ্রুত পদক্ষেপ না নিলে আগামী দিনে ঝাড়খণ্ডের ২৪টি জেলায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
এদিকে, ঝাড়খণ্ড সিআইডি ইতোমধ্যে ১১ জনকে গ্রেপ্তার করেছে। আন্দোলনকারীরা জানিয়েছেন, তদন্তের পাশাপাশি তাদের আন্দোলন চলবে। সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের দাবির প্রতি সমর্থন জানিয়েছেন।