August 6, 2026, 3:55 pm

কিয়েভে রাশিয়ার হামলায় নিহত দুজন, আহত কয়েক ডজন

কিয়েভে রাশিয়ার হামলায় নিহত দুজন, আহত কয়েক ডজন

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভ ও আশপাশের এলাকায় অন্তত দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। বুধবার (৫ আগস্ট) ইউক্রেনের স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানায়, মঙ্গলবার মধ্যরাতের পর ইউক্রেনের বিমান বাহিনী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি করার পর কিয়েভে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। হামলায় আবাসিক ভবন ও কয়েকটি গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে।

কিয়েভের সামরিক প্রশাসন জানিয়েছে, হামলায় রাজধানীর বিভিন্ন এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। তাদের দাবি, রাশিয়া ইচ্ছাকৃতভাবে বেসামরিক মানুষ ও অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। এতে এক নারী নিহত এবং অন্তত সাতজন আহত হয়েছেন।

এ ছাড়া কিয়েভের পশ্চিমে বুচা জেলায় আরও একজন নিহত হয়েছেন। রাজধানীর আশপাশের এলাকায় আহত হয়েছেন অন্তত ২১ জন।

চার বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ব্যবহার বাড়িয়েছে বলে জানিয়েছে ইউক্রেন। এ কারণে কিয়েভ যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আরও সরবরাহের জন্য মিত্র দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে আসছে।

এর আগে শনিবার কিয়েভ ও এর আশপাশে রুশ হামলায় ১০ জন নিহত এবং ৩০ জনের বেশি আহত হন। একই সময়ে ইউক্রেনের ড্রোন হামলায় কৃষ্ণসাগরে রাশিয়ার একটি বড় কনটেইনার জাহাজ ডুবে যাওয়ার খবর পাওয়া যায়।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা