মোহাম্মদ আসাদ :
জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে চোরাচালানের সময় ১৫৬ বোতল ভারতীয় মদ ও ৯০৯ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জামালপুরের ৩৫ বিজিবির দুটি পৃথক অভিযানে বৃহস্পতিবার (৬ আগস্ট) এসব মালামাল উদ্ধার করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক মোট মূল্য ৬ লাখ ৩৬ হাজার টাকা।
বিজিবি জানায়, বৃহস্পতিবার ভোরে দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর বিওপির অধীন ১০৭৭ নম্বর সীমান্ত পিলার এলাকায় অভিযান চালিয়ে ১৫৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এর আনুমানিক মূল্য ২ লাখ ৩৪ হাজার টাকা।
এর আগে বুধবার (৫ আগস্ট) দিবাগত রাতে দাঁতভাঙা বিওপির বিজিবি সদস্যরা সীমান্তবর্তী ছাটকড়াই বাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৯০৯ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ করেন, যার মূল্য আনুমানিক ৪ লাখ ২ হাজার টাকা।
জব্দকৃত মদ ও কসমেটিকস পণ্যের ঘটনায় পৃথকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
এ প্রসঙ্গে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।