নারায়ণগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ মাদকবিরোধী অভিযানে ৯০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। একই অভিযানে হত্যা মামলা, ওয়ারেন্ট ও বিভিন্ন মামলার আসামিসহ মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৬ আগস্ট) এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে জিআর ও সিআর ওয়ারেন্টভুক্ত আসামি ৮ জন। এরা হলেন— মোঃ রফিকুল ইসলাম তপু, কামাল হোসেন (৩০), আবু তাহের ওরফে বেঙ্গা, মোঃ সাব্বির, মিঠুন (৩২), মোঃ অয়ন (২৬), মোঃ কাউসার (২৩) ও সুমন আহম্মেদ।
এ ছাড়া অন্য এক মামলায় নাসির মাহমুদ (৪২), সন্ত্রাসবিরোধী মামলায় করিম বাদশা (৩৫), মাদক মামলায় মোঃ রাসেল (৪২) ও মোঃ ফেকু (৫০) এবং পূর্বের এক হত্যা মামলায় মোঃ মিলনকে (৩১) গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পর তাদের আদালতে পাঠানো হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো অপরাধ দমনে তাদের অভিযান চলমান থাকবে।