August 17, 2026, 3:02 pm

বকশীগঞ্জে প্রেমঘটিত বিয়ের জেরে অপহরণের অভিযোগ, নিরাপত্তাহীনতায় নবদম্পতি

মোহাম্মদ আসাদ :

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের বেতমারী এলাকায় প্রেমঘটিত সম্পর্কের জেরে এক যুবকের বিরুদ্ধে মিথ্যা অপহরণের অভিযোগ দায়েরের অভিযোগ উঠেছে। একইসঙ্গে ভুক্তভোগী পরিবার প্রাণনাশের হুমকিরও অভিযোগ করেছে।

জানা যায়, বেতমারী গ্রামের আমেজ উদ্দিনের ছেলে মানিক মিয়ার (২৪) বিরুদ্ধে অপহরণের অভিযোগ এনে বকশীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তার শ্বশুর জিয়াউর রহমান।

তবে মানিক মিয়ার স্ত্রী জেসমিন আক্তার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় দাবি করেন, তিনি প্রাপ্তবয়স্ক এবং প্রায় চার বছর ধরে মানিক মিয়ার সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। পরিবার তাকে জোর করে অন্যত্র বিয়ে দিতে চাইলে গত ২৯ জুলাই তিনি স্বেচ্ছায় মানিক মিয়ার সঙ্গে চলে যান এবং পরবর্তীতে কোর্ট ম্যারেজের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এতে ক্ষুব্ধ হয়ে তার বাবা মিথ্যা অপহরণের অভিযোগ দায়ের করেছেন বলে তিনি দাবি করেন।

জেসমিন আক্তারের অভিযোগ, তার স্বামী মানিক মিয়া ও শ্বশুর আমেজ উদ্দিনকে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এতে নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি প্রয়োজনীয় আইনি সহায়তা কামনা করেছেন।

এ প্রসঙ্গে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, মেয়ে পক্ষ থেকে অপহরণের লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা