উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং জাপানের সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রের তৈরি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণের প্রেক্ষাপটে কড়া সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, জাপানের পদক্ষেপের জবাবে পিয়ংইয়ং ‘অতিরিক্ত সামরিক পদক্ষেপ’ গ্রহণ করবে।
বুধবার (৫ আগস্ট) কেসিএনএ-তে প্রকাশিত এক বিবৃতিতে কিম ইয়ো জং অভিযোগ করেন, জাপান আত্মরক্ষামূলক অবস্থান থেকে সরে এসে আগাম হামলা চালানোর সক্ষমতা গড়ে তুলছে। তিনি বলেন, এতে উত্তর কোরিয়া এবং প্রতিবেশী দেশগুলোর নিরাপত্তা হুমকির মুখে পড়ছে।
কিম ইয়ো জং জাপানের এজিস ডেস্ট্রয়ার চোকাই থেকে টমাহক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ এবং গত মে মাসে ফিলিপাইনে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যৌথ সামরিক মহড়ায় জাপানের অংশগ্রহণের কথা উল্লেখ করেন।
তিনি যুক্তরাষ্ট্রকেও অভিযুক্ত করে বলেন, ওয়াশিংটন জাপানের সামরিক শক্তি বৃদ্ধিতে সহায়তা করছে। কিম ইয়ো জং বলেন, জাপানের সামরিক কর্মকাণ্ড উত্তর কোরিয়ার নিরাপত্তার জন্য সম্ভাব্য হুমকি সৃষ্টি করতে পারে এবং পিয়ংইয়ং নতুন সামরিক বিকল্প প্রস্তুত করবে।
বিশ্লেষকদের মতে, উত্তর কোরিয়া জাপানের সামরিক আধুনিকায়নকে নিরাপত্তা হুমকি হিসেবে তুলে ধরে ভবিষ্যতে নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা বা অস্ত্র উন্নয়নের যৌক্তিকতা প্রতিষ্ঠার চেষ্টা করছে।