August 12, 2026, 4:31 am

প্রথম শ্রেণিতে লটারি, অন্য সব শ্রেণিতে ভর্তি পরীক্ষা: শিক্ষা মন্ত্রণালয়

আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে ভর্তিতে কোনো পরীক্ষা হবে না। এক্ষেত্রে লটারির মাধ্যমে প্রথম শ্রেণিতে ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে। তবে, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের অন্যান্য সব শ্রেণিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার আবদুল্লাহ শিবলী সাদিকের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে কোনো ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে না। এক্ষেত্রে লটারির মাধ্যমে প্রথম শ্রেণিতে ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে।

আরও বলা হয়, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের অন্যান্য সব শ্রেণিতে ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি করা হবে। এছাড়াও এ বছরের এসএসসি পরীক্ষার ফলাফল ১০ আগস্ট প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

এর আগে গত ১৬ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, ২০২৭ শিক্ষাবর্ষ থেকে লটারি পদ্ধতি বাতিল করে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শুধু প্রথম শ্রেণিতে লটারি পদ্ধতি বহাল থাকছে।

উল্লেখ্য, ২০১১ শিক্ষাবর্ষে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে প্রথমবারের মতো লটারির মাধ্যমে ভর্তি চালু হয়। ২০১২ সালে বেসরকারি বিদ্যালয়েও একই পদ্ধতি চালু করা হয়। সে সময় দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষা নেওয়া হতো।

পরে করোনা মহামারির সময় ২০২১ শিক্ষাবর্ষ থেকে সব শ্রেণিতে লটারির মাধ্যমে ভর্তি শুরু হয়। এরপর থেকে একই পদ্ধতিতে ভর্তি কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা