জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে হত্যাযজ্ঞের ঘটনায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) কাজী মনিরুল ইসলামসহ চারজনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করতে বলা হয়েছে।
বুধবার (২২ জুলাই) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। আগামী ৩ আগস্ট তাদের আদালতে হাজির হতে হবে।
সাবেক এমপি মনিরুল ইসলাম ছাড়াও মামলার অপর ৩ আসামি হলেন- যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মুন্না ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শফিকুল ইসলাম খান।
প্রসিকিউটর জানান, জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ২০২৪ সালের ১৮ জুলাই যাত্রাবাড়ী এলাকায় আটজন এবং ২০ জুলাই ৯ জন নিহত হন। এ ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় বুধবার চার আসামিকে হাজির হতে বলেছেন ট্রাইব্যুনাল।
উল্লেখ্য, ২০২৫ সালের ২১ এপ্রিল রাজধানীর গুলশান থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সদস্যদের হাতে গ্রেপ্তার হন সাবেক এমপি মনু। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।