August 15, 2026, 7:45 am

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নিয়ে হাইকোর্টের রুল জারি

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নিয়ে হাইকোর্টের রুল জারি

হাইকোর্ট ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণের নির্দেশনা চেয়ে রুল জারি করেছেন।

বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন। একইসঙ্গে, ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯-এর ২৬ ধারায় চেয়ারম্যান পদের জন্য কোনো শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ না থাকায় ওই বিধান কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী ফেরদাউসুল হাসান ও মো. তানভীর আহমেদ খান রিট আবেদনটি করেন। রুলে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ২৬ ধারার অধীনে ইউপি চেয়ারম্যান পদে প্রার্থীদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

এ বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব, আইন সচিব এবং প্রধান নির্বাচন কমিশনারকে রুলের জবাব দিতে বলা হয়েছে। আইনজীবী কাজী ফেরদাউসুল হাসান বলেন, ইউপি চেয়ারম্যানের কাছে গ্রাম আদালত পরিচালনার মতো গুরুত্বপূর্ণ ক্ষমতা রয়েছে, অথচ ম্যাজিস্ট্রেটদের জন্য স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক।

তিনি আরও জানান, স্থানীয় সরকার আইন, ২০০৯-এর ২৬ ধারা চ্যালেঞ্জ করে জনস্বার্থে চেয়ারম্যান পদে প্রার্থীদের জন্য ন্যূনতম স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক করার নির্দেশনা চাওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা