ঢাকা শিক্ষা বোর্ড পরীক্ষার্থীদের অভিভাবকদের সুবিধার জন্য নতুন নির্দেশনা জারি করেছে। এইচএসসি পরীক্ষা ২০২৬-এর সময় পরীক্ষাকেন্দ্রের বাইরে অভিভাবকদের ভোগান্তি কমাতে শেড ও বসার চেয়ার স্থাপনের পাশাপাশি শৃঙ্খলা বজায় রাখতে রোভার স্কাউট, গার্লস গাইড ও বিএনসিসি সদস্য মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার (২ জুলাই) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানুর সই করা বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা প্রকাশ করা হয়। পরীক্ষাকেন্দ্র পরিদর্শনকালে বোর্ড লক্ষ্য করে যে, অভিভাবকরা দীর্ঘ সময় কেন্দ্রের বাইরে অবস্থান করেন, কিন্তু অধিকাংশ কেন্দ্রে তাদের জন্য কোনো নির্ধারিত অপেক্ষমাণ শেড বা বসার স্থান নেই।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বৃষ্টি, রোদ কিংবা প্রতিকূল আবহাওয়ার মধ্যে অভিভাবকদের কষ্টকর পরিস্থিতিতে থাকতে হয়। এছাড়া, অভিভাবকদের অবস্থান ও চলাচল সুশৃঙ্খলভাবে নিয়ন্ত্রণের জন্য রোভার স্কাউট, গার্লস গাইড বা বিএনসিসি সদস্য নিয়োগ না থাকায় বিশৃঙ্খলা ও জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে।
অতএব, পরীক্ষার্থীদের অভিভাবকদের সার্বিক সুবিধার জন্য নিরাপদ ও উপযুক্ত স্থানে শেড ও বসার চেয়ার স্থাপনের পাশাপাশি প্রয়োজনীয় সংখ্যক রোভার স্কাউট, গার্লস গাইড ও বিএনসিসি সদস্য নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে।