নোবিপ্রবি প্রতিনিধি:
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রজেক্টের আওতায় “ইনসেপশন সেমিনার অন এস্টাবলিশমেন্ট অব অ্যাডভান্সড ডেটা সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) অ্যান্ড হাই পারফরম্যান্স কম্পিউটিং (এইচপিসি) ল্যাবরেটরি অ্যাট এনএসটিইউ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনে এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন। সিএসটিই বিভাগের অধ্যাপক ও হিট প্রজেক্টের সাব-প্রজেক্ট ম্যানেজার ড. আসাদুন নবীর সভাপতিত্বে অনুষ্ঠানে কি-নোট স্পিকার ছিলেন একই বিভাগের সহকারী অধ্যাপক ও সহযোগী সাব-প্রজেক্ট ম্যানেজার ইফতেখার মাহমুদ তাওহীদ। আলোচক হিসেবে ছিলেন একই বিভাগের অধ্যাপক ও সহযোগী সাব-প্রজেক্ট ম্যানেজার ড. মো. কামাল উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, বর্তমান বিশ্বে ডেটা সায়েন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং হাই পারফরম্যান্স কম্পিউটিংয়ের ব্যবহার ক্রমাগত বাড়ছে। শিক্ষা, গবেষণা, কৃষি ও সমুদ্রসম্পদ ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে এসব প্রযুক্তি প্রয়োগের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ বাস্তবতায় নোবিপ্রবিতে এ ধরনের একটি আধুনিক ল্যাবরেটরি শিক্ষক-শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে। তাঁরা এই ল্যাবের সুবিধা কাজে লাগিয়ে গবেষণা পরিচালনা, উদ্ভাবনী ধারণা বাস্তবায়ন এবং প্রযুক্তিনির্ভর জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ পাবেন।
উপাচার্য আরও বলেন, ভবিষ্যতে রোবোটিকস, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ এ ধরনের যুগোপযোগী বিভিন্ন বিষয় চালু করতে এবং গবেষণার পরিধি সম্প্রসারণ করতে হলে আরও আধুনিক গবেষণাগারের প্রয়োজন হবে। এ ল্যাব সেই লক্ষ্য অর্জনের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা সমন্বিতভাবে এই ল্যাবরেটরিতে মানসম্মত ও আন্তর্জাতিক মানের গবেষণা পরিচালনা করবেন বলেও তিনি আশা প্রকাশ করেন।