October 15, 2026, 9:04 pm

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামী ২০ অক্টোবর চট্টগ্রামের ঐতিহাসিক জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সফরকে কেন্দ্র করে প্রশাসন ও বিএনপির পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছে।

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানান, প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেন, প্রধানমন্ত্রীর সফর চূড়ান্ত হয়েছে। সফর সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে প্রস্তুতি চলছে।

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থ বলেন, শারদীয় দুর্গাপূজায় শুভেচ্ছা বিনিময় করতে প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর সনাতন সম্প্রদায়ের মানুষের জন্য আনন্দের বিষয়। তিনি বলেন, প্রধানমন্ত্রী ‘রেইনবো নেশন’ গড়ে তুলতে চান। সেই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে এ সফর তাৎপর্যপূর্ণ।

নগরের রহমতগঞ্জ এলাকায় অবস্থিত যাত্রীমোহন সেনগুপ্ত (জেএম সেন) হল চট্টগ্রামে দুর্গাপূজা উদযাপনের অন্যতম প্রধান কেন্দ্র। প্রতিবছর এখানে কেন্দ্রীয়ভাবে দুর্গাপূজার আয়োজন করা হয়। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি নানা সাংস্কৃতিক আয়োজনও থাকে। ফলে পূজামণ্ডপটি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মিলনস্থলে পরিণত হয়।

ঐতিহাসিক জেএম সেন হল প্রতিষ্ঠিত হয় ১৯২০ সালে। দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত তাঁর পিতা যাত্রীমোহন সেনগুপ্তের স্মরণে এটি প্রতিষ্ঠা করেন। ব্রিটিশবিরোধী আন্দোলন, রাজনৈতিক সংগ্রাম ও প্রগতিশীল সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে স্থানটির ঐতিহাসিক সম্পর্ক রয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা