October 13, 2026, 8:50 am

সাইবার হামলার কবলে ফ্রান্স।

ফ্রান্সে শত শত সুপারমার্কেটে সাইবার হামলা, ৫০ ডিগ্রিতে ফ্রিজের তাপমাত্রা

ফ্রান্সের শত শত সুপারমার্কেটের রেফ্রিজারেশন ব্যবস্থায় বড় ধরনের সাইবার হামলার ঘটনা ঘটেছে। এতে ফ্রিজের তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যাওয়ায় বিপুল পরিমাণ তাজা ও হিমায়িত খাদ্যপণ্য নষ্ট হয়েছে। কয়েকটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, হামলার শিকার হয়েছে ফরাসি খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ইন্টারমার্শে ও এর নেটো ব্র্যান্ডের অন্তত ৩০০টি দোকান, কোঅপারেটিভ ইউ-এর ১০০টির বেশি, ক্যারেফোরের ৮০টি এবং মনোপ্রিক্স ও ই লেক্লার্কের একাধিক সুপারমার্কেট। হ্যাকাররা দূর থেকে রেফ্রিজারেশন ব্যবস্থা নিয়ন্ত্রণ করে বরফ গলানোর প্রক্রিয়া সক্রিয় করে দেয়। এতে সংরক্ষিত খাদ্যপণ্য ফেলে দিতে হচ্ছে।

ইন্টারমার্শের প্রধান নির্বাহী থিয়েরি কটিলার্ড জানিয়েছেন, এই হামলায় এক দিনেই কয়েক কোটি ইউরোর আর্থিক ক্ষতি হয়েছে। ঘটনার গুরুত্ব বিবেচনায় ফরাসি প্রধানমন্ত্রী সেবাস্তিয়েন লেকর্নু দেশটির জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থাকে (এএনএসএসআই) তদন্তের নির্দেশ দিয়েছেন। ইউরোপের অন্য দেশেও এ ধরনের হামলা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

ফরাসি সাইবার নিরাপত্তা সংস্থার তথ্য অনুযায়ী, ডেনিশ প্রতিষ্ঠান ডেনফসের তৈরি সফটওয়্যারের দুর্বলতা কাজে লাগিয়ে হ্যাকাররা এ হামলা চালিয়েছে। তবে ডেনফস জানিয়েছে, পুরোনো সফটওয়্যার বা ফার্মওয়্যার ব্যবহার করা দোকানগুলোই মূলত ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিষ্ঠানটি আগেই গ্রাহকদের প্রযুক্তি হালনাগাদ করার পরামর্শ দিয়েছিল।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, স্পেন, পর্তুগাল, পোল্যান্ড, জার্মানি ও বেলজিয়ামেও একই ধরনের সমস্যার খবর পাওয়া গেছে। এ ঘটনা খাদ্য সরবরাহব্যবস্থাসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোর সাইবার নিরাপত্তা জোরদারে আন্তর্জাতিক উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেছে।

সূত্র: আল জাজিরা

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা