October 3, 2026, 1:51 pm

নাইটক্লাবে বাংলাদেশের দুই ফুটবলার সাদ উদ্দিন ও সোহেল রানা। ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হারের পর দুই ফুটবলারের নাইটক্লাবের ভিডিও ভাইরাল

ফিফা আসিয়ান কাপের প্রথম আসরে মাঠের পারফরম্যান্সে হতাশ করেছে বাংলাদেশ। টুর্নামেন্টে কোনো ম্যাচেই জয় পায়নি লাল-সবুজের প্রতিনিধিরা। বৃহস্পতিবার (১ অক্টোবর) নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে বড় ব্যবধানে হারে থমাস ডুলির দল।

হারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ দলের দুই সিনিয়র ফুটবলার সাদ উদ্দিন ও জুনিয়র সোহেল রানাকে ঘিরে শুরু হয়েছে আলোচনা। ইন্দোনেশিয়ার এক নারী আলানার এক্স অ্যাকাউন্টে প্রকাশিত ছবি ও ভিডিওতে তাদের সঙ্গে কয়েকজন নারীকে দেখা যায়। একটি ভিডিওতে গানের তালে সাদ উদ্দিনকে নাচতেও দেখা গেছে।

ম্যাচে বড় ব্যবধানে হারের পর এসব ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু করেন ফুটবলপ্রেমীরা।

তবে বিষয়টি নিয়ে ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন সাদ উদ্দিন ও সোহেল রানা। তাদের দাবি, মোহামেডানে সই করার পর তারা কিছুটা অবসর সময় পেয়েছিলেন। জাতীয় দলের ক্যাম্প শুরুর আগে তারা নেপালে ঘুরতে গিয়েছিলেন। সেখানেই ওই নারীর সঙ্গে তাদের পরিচয় হয়। তাদের ভাষ্য, ঘটনাটি ইন্দোনেশিয়া বা জাকার্তায় ঘটেনি।

অন্যদিকে, আলানা তার এক্স পোস্টে দাবি করেন, বাংলাদেশি ফুটবলারদের সঙ্গে তাদের একটি ক্লাবে দেখা হয়েছিল। বাংলাদেশ-ইন্দোনেশিয়া ম্যাচ দেখতে তাদের আমন্ত্রণও জানানো হয়েছিল বলে জানান তিনি।

এ বিষয়ে বাংলাদেশ দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু বলেন, ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ শেষে রাতের খাবার খেয়ে খেলোয়াড়দের নিজ নিজ কক্ষে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

তিনি বলেন, “রাতের খাবারের পর খেলোয়াড়েরা ঘুমাতে গেছে। আমরা তো সারা রাত তাদের দরজার বাইরে দাঁড়িয়ে থাকতে পারি না।”

তবে কেউ নির্দেশ অমান্য করে বাইরে গিয়ে থাকলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও জানান দলের ম্যানেজার। তার ভাষ্য, দলের ডিসিপ্লিনারি কমিটি রয়েছে এবং প্রয়োজন হলে তাদের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা