September 29, 2026, 6:57 pm

গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়ে কারিগরি আলোচনা চলছে: ভারত

ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়ে কারিগরি পর্যায়ের আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে নয়াদিল্লি। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিসাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সোয়াল এ তথ্য জানান।

সম্প্রতি বাংলাদেশের পক্ষ থেকে ১৯৯৬ সালের গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নের পরিবর্তে নতুন করে পর্যালোচনার কথা বলা হয়েছে। এ বিষয়ে ভারতের অবস্থান জানতে চাইলে জয়সোয়াল বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গাসহ অভিন্ন নদীগুলোর পানি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনার জন্য যৌথ নদী কমিশন (জেআরসি) রয়েছে। এর আওতায় কারিগরি পর্যায়ের বৈঠক নিয়মিত অনুষ্ঠিত হচ্ছে।

১৯৯৬ সালের গঙ্গার পানি বণ্টন চুক্তিটির মেয়াদ ২০২৬ সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা। চুক্তি অনুযায়ী, শুষ্ক মৌসুমে ফারাক্কায় গঙ্গার পানি বণ্টন করা হয়।

এদিকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার (এনএসএ) ঢাকা সফরের গুঞ্জন নিয়েও প্রশ্ন করা হয় ব্রিফিংয়ে। তবে এ বিষয়ে তাঁর কাছে কোনো হালনাগাদ তথ্য নেই বলে জানান জয়সোয়াল।

ব্রিফিংয়ে আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়েও কথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। জাতিসংঘে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের কাশ্মীর প্রসঙ্গ তোলার বিষয়ে আপত্তি জানিয়ে তিনি বলেন, জম্মু ও কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয়।

ফিলিস্তিন ও গাজা প্রসঙ্গে জয়সোয়াল বলেন, ফিলিস্তিন ইস্যুতে ‘দ্বি-রাষ্ট্র সমাধানের’ পক্ষে ভারতের দীর্ঘদিনের অবস্থান অপরিবর্তিত রয়েছে। পাশাপাশি পারস্য উপসাগরীয় অঞ্চলে কর্মরত ভারতীয় নাবিক ও বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা পরিস্থিতিও নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানান তিনি।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা