July 31, 2026, 2:48 pm

আরজি কর ধর্ষণ-হত্যা মামলায় সিবিআইয়ের তদন্ত কর্মকর্তার পরিবর্তন

আরজি কর ধর্ষণ-হত্যা মামলায় সিবিআইয়ের তদন্ত কর্মকর্তার পরিবর্তন

ভারতের কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ধর্ষণ ও হত্যা মামলায় কেন্দ্রীয় তদন্ত সংস্থা (সিবিআই) তদন্ত কর্মকর্তা পরিবর্তন করেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) শিয়ালদহ আদালতে দেওয়া অগ্রগতি প্রতিবেদনে সিবিআই জানায়, আগের তদন্ত কর্মকর্তা সীমা পাহুজার স্থলে দিল্লি পুলিশের সহকারী পুলিশ কমিশনার সন্দীপনী গর্গকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সিবিআই আরও জানায়, নতুন বিশেষ তদন্ত দল (এসআইটি) মামলার ২০ খণ্ডের কেস ডায়েরি এবং প্রায় এক হাজার পৃষ্ঠার নথি খতিয়ে দেখছে। এই দলের নেতৃত্বে রয়েছেন সিবিআইয়ের একজন যুগ্ম পরিচালক।

নিহত চিকিৎসকের পরিবারের আইনজীবী অমর্ত্য দে জানান, এসআইটিকে তৃণমূল কংগ্রেসের সাবেক বিধায়ক নির্মল ঘোষের ভূমিকা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। নতুন দল আগের তদন্তে কোনো ত্রুটি ছিল কি না, সেটিও যাচাই করবে।

২০২৪ সালের ৯ আগস্ট রাতে হাসপাতালের ভেতরে কর্তব্যরত অবস্থায় ৩১ বছর বয়সী এক নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যা করা হয়। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করে দোষী সাব্যস্ত করা হলেও নিহতের পরিবারের দাবি, পুরো ঘটনার তদন্ত শেষ হয়নি।

নিহত চিকিৎসকের মা নতুন তদন্ত কর্মকর্তার সঙ্গে দেখা করে মেয়ের সঙ্গে শেষবার যাদের দেখা গিয়েছিল, তাদেরও জিজ্ঞাসাবাদের অনুরোধ জানান। তিনি নতুন সরকারের প্রতি আস্থা প্রকাশ করে বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর তিনজন আইপিএস কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে। তাই তারা আশা করছেন, এবার নিরপেক্ষ তদন্ত হবে।

মামলার পরবর্তী শুনানি আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা