চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় শুক্রবার (১০ জুলাই) সকালে মেয়ের সামনে নুরুল আজিম প্রকাশ আজম (৪২) নামে এক ব্যক্তিকে গুলি করে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার মেখল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খলিফার অদূরে একটি বিলে ঘটে।
নিহত নুরুল আজিম একই এলাকার মৃত ইসলাম মিয়ার ছেলে এবং পেশায় দর্জি ছিলেন। নিহতের মেয়ে মোনা আক্তার জানান, বৃহস্পতিবার বিকালে তার বাবা একটি বিলে কারেন্ট জাল পেতে মাছ ধরতে যান। শুক্রবার সকালে মাছ ধরতে গিয়ে তিনি বাবার সঙ্গে সেখানে যান।
মোনা আক্তার অভিযোগ করেন, এ সময় স্থানীয় দুই ব্যক্তি দিদার ও আক্কেল এসে তার বাবাকে গালিগালাজ করতে শুরু করেন। একপর্যায়ে আক্কেল তার বাবাকে লক্ষ্য করে গুলি করেন। পরে দিদার ধারালো অস্ত্র নিয়ে তাকে ধাওয়া করে কুপিয়ে হত্যা করেন।
হাটহাজারী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। থানার ওসি মো. জাহিদুর রহমান জানান, হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, পারিবারিক সম্পত্তি-সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, নুরুল আজিমের দুই স্ত্রী, দুই কন্যা ও এক পুত্রসন্তান রয়েছে।