চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ৮ জুলাই অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা দেশের চলমান বন্যা পরিস্থিতি ও বৈরি আবহাওয়ার কারণে স্থগিত করা হয়েছে। নতুন পরীক্ষার তারিখ এখনও নির্ধারণ করা হয়নি, তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সব নির্ধারিত পরীক্ষা শেষ হওয়ার পর এ পরীক্ষা নেওয়া হতে পারে।
চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক (প্রেষণ) অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, "সদ্যই পরীক্ষা স্থগিত করা হয়েছে। এখনও নতুন তারিখ নির্ধারণ করা হয়নি। সাধারণত সব পরীক্ষা শেষ হলে স্থগিত হওয়া পরীক্ষা নেওয়া হয়।" তিনি জানান, এ বিষয়ে সিদ্ধান্ত হলে তা জানিয়ে দেওয়া হবে।
আগামী ১১ জুলাই অনুষ্ঠিতব্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আবশ্যিক) পরীক্ষার বিষয়ে অধ্যাপক চৌধুরী বলেন, আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলার পর জানা গেছে, বৃহস্পতিবারের পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। পরিস্থিতি বিবেচনায় নিয়ে জেলা প্রশাসক ও মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
চট্টগ্রাম বোর্ড ছাড়া দেশের অন্যান্য সাধারণ শিক্ষা বোর্ডের পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আশফাকুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম বোর্ডের সব জেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দেশের বর্তমান বন্যা পরিস্থিতি এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলা প্রশাসকের প্রতিবেদনের ভিত্তিতে ৮ জুলাই অনুষ্ঠিতব্য এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা স্থগিত করা হয়েছে।