ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে আগামী ১ ডিসেম্বর দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন পেশাদার কূটনীতিক আসাদ আলম সিয়াম। দায়িত্ব গ্রহণের আগে আগামী শুক্রবার (২৭ নভেম্বর) তিনি নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ছাড়বেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে।
গত ৩১ অক্টোবর আসাদ আলম সিয়ামের বাবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা অনুষদের সাবেক ডিন মো. নূরুল আলম মারা যান। পারিবারিক এই শোকের কারণে ভারতে নতুন দায়িত্ব গ্রহণে কিছুটা বিলম্ব হয় তার। বর্তমানে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব পালন করছেন প্রীতি রহমান।
এর আগে, গত ১৩ জুলাই নয়াদিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে আসাদ আলম সিয়ামের নাম ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাব করে বাংলাদেশ। পরে ২২ সেপ্টেম্বর তার নিয়োগে সম্মতি জানায় ভারত।
১৯৯৫ সালে বাংলাদেশ পররাষ্ট্র ক্যাডারে যোগদানের মধ্য দিয়ে কূটনৈতিক জীবন শুরু করেন আসাদ আলম সিয়াম। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে নেদারল্যান্ডসের মাস্ট্রিচট স্কুল অব ম্যানেজমেন্ট থেকে এমবিএ সম্পন্ন করেন।
দীর্ঘ কূটনৈতিক জীবনে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ইতালির মিলানে বাংলাদেশের প্রথম কনসাল জেনারেল ছিলেন তিনি। এ ছাড়া যুক্তরাষ্ট্র, ফিলিপাইন, পালাউ, অস্ট্রিয়া, হাঙ্গেরি, স্লোভেনিয়া ও স্লোভাকিয়ায় রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।
আসাদ আলম সিয়াম ভিয়েনায় জাতিসংঘের কার্যালয় ও ওপেক তহবিলে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং ব্যাংককে জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনে (ইউএন এসকাপ) বিকল্প স্থায়ী প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। পাশাপাশি বিভিন্ন দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বহুপক্ষীয় আলোচনায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন।
এ ছাড়া তিনি ঢাকার ফরেন সার্ভিস একাডেমির রেক্টর এবং পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রসচিবের দপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৫ সালের জুনে তৎকালীন অন্তর্বর্তী সরকার তাকে পররাষ্ট্রসচিব হিসেবে নিয়োগ দেয়।