হাজার হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ থাকা সত্ত্বেও এস আলমের মতো দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানকে বিচারের আওতায় না এনে সরকার পুনর্বাসন করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। এ প্রক্রিয়ায় ক্ষমতাসীন দলের কিছু লোকও জড়িত বলে দাবি করেছেন তিনি।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘অবসরপ্রাপ্ত শিক্ষকদের অধিকার ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী সমন্বিত ফোরাম এ সভার আয়োজন করে।
হাসনাত আবদুল্লাহ বলেন, উচ্চপদস্থ আমলা ও মন্ত্রীরা নানা বড় বড় কথা বললেও শিক্ষকদের জীবনমান উন্নয়নে রাষ্ট্র যথেষ্ট আন্তরিক নয়।
তিনি বলেন, শিক্ষকতা পেশাকে অগ্রাধিকারের তালিকার একেবারে নিচের দিকে রেখে কখনোই জাতিগঠন সম্ভব নয়।
বর্তমান রাষ্ট্রব্যবস্থায় শিক্ষকদের সমস্যা ও সংকট নিয়ে যথাযথ গুরুত্ব দেওয়া হচ্ছে না উল্লেখ করে হাসনাত বলেন, শিক্ষকরা চান তাঁদের সমস্যাগুলো সংসদে তুলে ধরা হোক।
এ সময় এনসিপির পক্ষ থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়ে যথাযথ কর্তৃপক্ষের কাছে তাঁদের দাবি তুলে ধরার প্রতিশ্রুতি দেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য আলী আহসান জুনায়েদ এবং দলটির শিক্ষা ও গবেষণা সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত।