মোহাম্মদ আসাদ-স্টাফ রিপোর্টার :
জামালপুরের বকশীগঞ্জে হাইওয়ে থানা পুলিশের অভিযানে ৪৫ কেজি গাঁজাসহ একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে হাইওয়ে থানা এলাকা থেকে এ মাদকদ্রব্য ও মোটরসাইকেলটি জব্দ করে পুলিশ।
হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বকশীগঞ্জ-রৌমারী আঞ্চলিক মহাসড়কে থানার সামনে দিয়ে যাওয়ার সময় একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেয় পুলিশ। প্রথমে মোটরসাইকেলটি থামলেও চালক সুযোগ বুঝে কৌশলে পালিয়ে যান। এতে সন্দেহ হলে পুলিশ মোটরসাইকেলের পেছনে বাঁধা বস্তা তল্লাশি করে। তল্লাশিতে বস্তাভর্তি ৪৫ কেজি গাঁজার সন্ধান মেলে, পরে মোটরসাইকেলসহ তা জব্দ করা হয়।
এ ব্যাপারে হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন বলেন, তল্লাশি চালিয়ে বস্তাবন্দি ৪৫ কেজি গাঁজাসহ মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। পলাতক চালককে শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হবে।