July 2, 2026, 12:27 pm

বকশীগঞ্জে ডাক বিভাগের কর্মবিরতির হুঁশিয়ারি

মোহাম্মদ আসাদ-স্টাফ রিপোর্টার :

বেতন-ভাতা বৃদ্ধি, চাকরির নিরাপত্তা ও অন্যান্য ন্যায্য দাবি বাস্তবায়নের দাবিতে কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছেন বকশীগঞ্জ ডাক বিভাগের কর্মচারীরা।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১১টায় বকশীগঞ্জ পোস্ট অফিস প্রাঙ্গণে বাংলাদেশ ডাক বিভাগ কর্মচারী ইউনিয়নের (বি/২০৩১) বকশীগঞ্জ শাখার উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকেই কর্মবিরতির এই ঘোষণা দেওয়া হয়।

সমাবেশে প্রধান বক্তব্য রাখেন পানাতিয়াপাড়া শাখা পোস্টমাস্টার মো. মাহাবুর রহমান থোকন। তিনি বলেন, সরকারি চাকরিজীবী হয়েও মাত্র চার হাজার টাকা বেতনে পরিবার চালানো অসম্ভব হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে ডাক বিভাগের মহাপরিচালকের (ডিজি) কাছে বেতন-ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে আসা হলেও আশ্বাস ছাড়া কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই বাধ্য হয়েই আন্দোলনের পথ বেছে নেওয়া হয়েছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হলে আগামী ৬ জুলাই থেকে পূর্ণ কর্মবিরতি পালন করা হবে এবং প্রয়োজনে ডাকঘরে তালা ঝুলিয়ে দেওয়া হবে।

বক্তারা বলেন, স্বল্প বেতন-ভাতা ও নানা বৈষম্যের মধ্যেও ডাক বিভাগের কর্মচারীরা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বর্তমান বেতন-ভাতায় পরিবার নিয়ে জীবনযাপন অত্যন্ত দুর্বিষহ হয়ে উঠেছে। তারা অবিলম্বে বেতন-ভাতা বৃদ্ধি, ন্যায্য সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ এবং চাকরিসংক্রান্ত বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানের দাবি জানান।

সমাবেশে জানানো হয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কঠোর আন্দোলন ও পূর্ণ কর্মবিরতি পালন করা হবে।

এদিকে শাখা ডাকঘর কর্মচারীদের দুই দফা দাবি আদায়ে ঘোষিত পূর্ণ কর্মবিরতি (হরতাল) কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে ২১ জন কর্মচারী স্বেচ্ছায় স্বাক্ষর করেছেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা